এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিসেফের ‘ওয়াশ’ (ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন) প্রকল্পের প্রধান পিটার জর্জ এল মেস। সোমবার (১৮ মে) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পানি সংকট মোকাবিলায় ইউনিসেফের সহযোগিতা কামনা
বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশের একটি বড় জনগোষ্ঠী এখনও সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত। এই সমস্যা সমাধানে তিনি ইউনিসেফের সহযোগিতা কামনা করেন এবং সরকার ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বিশেষ করে পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি এবং পল্লী উন্নয়ন খাতে চলমান সহযোগিতা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।
পানি বিশুদ্ধকরণের ওপর জোর
এলজিআরডি মন্ত্রী বাংলাদেশের পানি, পয়ঃনিষ্কাশন ও পল্লী উন্নয়ন খাতে ইউনিসেফের অতীত ও চলমান সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে পানি সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে, বিশেষত রাজধানী ঢাকা শহরে।” এসময় তিনি বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানি বিশুদ্ধকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
ইউনিসেফের প্রতিশ্রুতি
এসময় ইউনিসেফ প্রতিনিধিদল বাংলাদেশের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থেকে টেকসই ও কার্যকর সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে উপস্থিত কর্মকর্তারা
সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, এনডিসিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



