নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। রবিবার (২৪ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
দেশের বাজারে দিন দিন বাড়ছে নকল, ভেজাল ও নিম্নমানের পণ্যের দৌরাত্ম্য। প্রসাধনী, খাদ্যপণ্য, ওষুধ, ইলেকট্রনিকস, শিশুখাদ্য, পোশাক, এমনকি ব্র্যান্ডেড দৈনন্দিন ব্যবহার্য পণ্য—সব ক্ষেত্রেই এখন নকল পণ্যের বিস্তার দেখা যাচ্ছে। বিশেষ করে উৎসব মৌসুম, অনলাইন বাণিজ্যের বিস্তার এবং বাজার তদারকির দুর্বলতার সুযোগে অসাধু ব্যবসায়ীরা আরও সক্রিয় হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কেন এত বিপজ্জনক রাশিয়ার ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র?
ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার দিবাগত রাতে চালানো এক ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার জানিয়েছেন, এই হামলায় রাশিয়া তাদের অত্যন্ত শক্তিশালী এবং পারমাণবিক সক্ষমতাসম্পন্ন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ ব্যবহার করেছে। চার বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এই ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনা এটি তৃতীয়বার। এই হামলায় ইউক্রেনের রাজধানীর সরকারি দফতরের কাছের বিভিন্ন আবাসিক ভবন ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে হাটে ইউএনও, সঙ্গে আনসার ও প্রশাসনের লোকজন
কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর পশুর হাটে গরু কিনতে আসেন তিনি। এ সময় তার সঙ্গে উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী, আনসার সদস্য এবং সরকারি গাড়ির চালককে দেখা যায়।
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত ক্রীড়া উৎসব— ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অংশ নিতে চলতি গ্রীষ্মেই উত্তর আমেরিকার মাটিতে পা রাখছেন বিশ্বের সেরা সব ফুটবলার। তবে ৪৮ দলের এই বিশাল টুর্নামেন্টে একদিকে যেমন একঝাঁক তরুণ প্রতিভা ও অভিজ্ঞ তারকাদের মিলনমেলা বসবে, অপরদিকে তেমনই ইনজুরি কিংবা নিজ দেশের বাছাইপর্ব পার হতে না পারার ব্যর্থতায় এই মহাযজ্ঞে দেখা যাবে না বেশ কিছু চেনা মুখ।
ঈদে সিনেমা মুক্তির হিড়িক, শঙ্কায় হল মালিকরা, দর্শক যাবে কোথায়?
এক ঈদে এত সিনেমা—ঢালিউডে এমন দৃশ্য অনেকদিন দেখা যায়নি। বড় তারকা, বড় বাজেট, আলোচিত গল্প আর জমজমাট প্রচারণা নিয়ে এবার ঈদুল আজহায় মুক্তির তালিকায় রয়েছে একের পর এক সিনেমা। দর্শকদের জন্য এটি যেমন উৎসবের খবর, তেমনি রয়েছে দ্বিধাও। পাশাপাশি চলচ্চিত্র ব্যবসার ভেতরে তৈরি হয়েছে বড় ধরনের অস্বস্তি।



