পরীক্ষার হলে খাতা না দেখানোয় সহপাঠীকে ছুরিকাঘাত, ফেনীতে এসএসসি পরীক্ষার্থী আহত
পরীক্ষার হলে খাতা না দেখানোয় ছুরিকাঘাত, ফেনীতে এসএসসি পরীক্ষার্থী আহত

ফেনীর ছাগলনাইয়ায় এসএসসি পরীক্ষার শেষ দিনে পরীক্ষার হলে খাতা না দেখানোকে কেন্দ্র করে এক পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) দুপুরে বাংলা বাজার ছলেমা নজির উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।

আহত ও অভিযুক্তের পরিচয়

আহত পরীক্ষার্থীর নাম কাজী আহমেদ আশ্রাফী নাবিল। তিনি হরিপুর আলি আকবর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং মোটবী ইউনিয়নের বেত্রাবাগ শিলুয়া বাড়ির কাজী নুরুল আবছার রিপনের ছেলে।

অভিযুক্ত রাকিব হোসেন একই পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থী। তিনি গতিয়া আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার বাড়ি পাঠাননগর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামে। তিনি খন্দকার বাড়ির হেলাল মিয়ার ছেলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

আহত কাজী আহমেদ আশ্রাফী নাবিল জানান, পরীক্ষার হলে তার পেছনের বেঞ্চে সিট পড়ে রাকিবের। প্রথম পরীক্ষার দিন রাকিব খাতা দেখতে চাইলে আশ্রাফী দেখাতে রাজি হননি। এ নিয়ে ওইদিন পরীক্ষাকেন্দ্রের বাইরে রাকিব তাকে গালিগালাজ করে।

তিনি আরও জানান, রোববার পরীক্ষার শেষ দিনে পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর রাকিবসহ ৭/৮ জন ছেলে তাকে প্রথমে মারধর করে। পরে ধারালো অস্ত্র দিয়ে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাংলা বাজার এবং পরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।

পরিবারের দাবি

আশ্রাফীর মা নার্গিস আক্তার দাবি করেন, পূর্বপরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার বিচার ও অভিযুক্তদের শাস্তি দাবি করেন।

পুলিশের বক্তব্য

ছাগলনাইয়া থানার ওসি মো. শাহীন মিয়া জানান, লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ