মাদক কেনাবেচা নিয়ে সংঘর্ষে কিশোর নিহত, আহত ১৫
মাদক কেনাবেচা নিয়ে সংঘর্ষে কিশোর নিহত, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচায় বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) গভীর রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রায়হান উত্তরপাড়া এলাকার ছুটুন মিয়ার ছেলে। এ সময় আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ১৫ জন।

ঘটনার সূত্রপাত

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেয়। কিন্তু ওই যুবক তা না করে টাকা দিয়ে বিস্কিট কিনে খেয়ে ফেলে। এ নিয়ে সজীব মিয়া ক্ষুব্ধ হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। বিষয়টি টের পেয়ে মাদকের বিরুদ্ধে কাজ করা স্থানীয় যুবক কামাল, জসিম, দেওয়ান উদ্দিনসহ কয়েকজন মাদক কেনাবেচার বিষয়টি জানতে চান। এ সময় সজীব মিয়ার পক্ষ নিয়ে ক্ষিপ্ত হয় এলাকার শাহীন ও রতন মিয়া নামে আরও দুই যুবক।

সংঘর্ষ ও হতাহত

এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে রায়হান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত আরও ১৫ জন আহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

সরাইল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া বলেন, মাদকসংক্রান্ত বিষয়ের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। সংঘর্ষে রায়হান নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ