মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। রোববার (২৪ মে) বিকেলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
অভিযুক্ত পুলিশ সদস্যরা
তারা হলেন- এসআই তোফাজ্জল হোসেন, এএসআই সোহেল রানা, কনস্টেবল লিটন, আব্দুর রউফ ও ফজলু শেখ।
ঘটনার বিবরণ
ওসি ইসমাইল হোসেন বলেন, গত ২১ মে হাটিকুমরুল মোড়ে দায়িত্ব পালন করার সময় ওই পুলিশ সদস্যরা এক মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫০০ টাকা নিয়েছিলেন। বিষয়টি সেখানে থাকা সাংবাদিকরা টের পেয়ে আমাকে জানায়। ঘটনাটি হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপারকে জানানো হয়।
ক্লোজডের নির্দেশ
এরপর অভিযুক্ত ৫ পুলিশ সদস্যকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে তাদের পুলিশ সুপার কার্যালয়ে ক্লোজড করার নির্দেশ দেন তিনি। ইতোমধ্যে তারা কর্মস্থল ত্যাগ করেছেন।



