বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দুই দিনব্যাপী বিশ্বসংগীত দিবস উদযাপনের সুরের উৎসব আজ রোববার শুরু হয়েছে। আষাঢ়ের বৃষ্টিমুখর দিনে যন্ত্রবাদন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই আয়োজনের সূচনা হয়।
শোভাযাত্রা ও পিয়ানো বাদন
বিকেলে একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। নাট্যশালা মিলনায়তনের প্রবেশমুখে রঙিন বেলুন উড়ানো হয়। এরপর লবিতে পিয়ানো বাদনের মাধ্যমে ‘আগুনের পরশমণি’, ‘বাগিচায় বুলবুলি তুই’ ও ‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়’ গানের সুর পরিবেশিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠান
সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে পর্দা ওঠার সঙ্গে সঙ্গে অর্কেস্ট্রায় ‘তুমি নির্মল করো’, ‘মিলন হবে কত দিনে’ ও ‘লাম্বাডা’ সুর পরিবেশন করা হয়। যন্ত্রসংগীত পরিচালনায় ছিলেন পার্থ মজুমদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনের এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আহ্বায়ক হেলাল খান। সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
সংগীতসন্ধ্যা
আলোচনা পর্বের পরে ছিল সংগীতসন্ধ্যা। শুরুতেই শিল্পী ফাহমিদা নবী, আগুন, মেহরীন, আলিফ আলাউদ্দিন, পলাশ নূর, সাব্বির জামান, রমা, মিতা খন্দকার, পিয়াল হাসান, অনিমেষ ও অংকুর কুমার সমবেত কণ্ঠে পরিবেশন করে ‘ধনধান্য পুষ্প ভরা’ এবং মাইকেল জ্যাকসনের ‘উই আর দ্য ওয়ার্ল্ড’ গান দুটি। পরে ছিল বিশিষ্ট শিল্পীদের একক কণ্ঠের গান।
দ্বিতীয় দিনের আয়োজন
আগামীকাল সোমবার দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে বিকেল সাড়ে ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।
ভূমি আর্ট গ্যালারিতে প্রদর্শনী
ভূমি আর্ট গ্যালারির আয়োজনে ‘পারসিসটেন্স’ শীর্ষক দলগত শিল্পকর্ম প্রদর্শনী গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। রাজধানীর উত্তরায় ভূমি গ্যালারির নতুন শাখায় প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম, সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মইনুদ্দিন হাসান রশিদ।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন তরুণ ঘোষ, ফরিদা জামান, মোহাম্মদ ইউনুস, জামাল আহামেদ, আহমেদ শামসুদ্দোহা, রোকেয়া সুলতানা, কনকচাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল, শহিদ কাজী ও আবদুল্লাহ আল বশির। শিল্পীদের বিভিন্ন মাধ্যমে আঁকা ৬৬টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনী ২৫ জুন পর্যন্ত চলবে।



