দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে বিএনপির বিক্ষোভ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার এবং তাকে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। সোমবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভের কারণে সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যান। পরে সন্ধ্যা ৬টার দিকে কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন। তিনি দাবি করেন, দীপেন দেওয়ান সুস্থভাবে দায়িত্ব পালন করছিলেন এবং তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর প্রতি দীপেন দেওয়ানের পদত্যাগপত্র পুনর্বিবেচনা করে তাকে মন্ত্রিসভায় ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে ইতিহাস গড়েন। নির্বাচন-পরবর্তী গত ১৭ ফেব্রুয়ারি গঠিত নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। দায়িত্ব গ্রহণের সাড়ে তিন মাসের মাথায় শারীরিক অসুস্থতার কারণে সোমবার পদত্যাগ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ