নারায়ণগঞ্জ জেলা বিএনপি তাদের সোনারগাঁ উপজেলার সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম বিডিআরকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করা।
ঘটনার বিবরণ
গত ৩০ মে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রফিকুল ইসলাম প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বলেন, “আমাদের প্রধানমন্ত্রীর অল্প বয়স, বুদ্ধি পাঁকা হয়নি এখনো, ওনার একজন উপদেষ্টা দরকার।” তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই এই মন্তব্যকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও কুরুচিপূর্ণ বলে অভিহিত করেন। পরবর্তীতে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রচারিত হয়।
জেলা বিএনপির পদক্ষেপ
ঘটনার পর সাংগঠনিকভাবে বিষয়টি আমলে নেয় জেলা বিএনপি। রোববার (৩১ মে) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ, শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থি আচরণের অভিযোগে রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে উত্থাপিত অভিযোগের বিষয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জেলা বিএনপির কাছে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিক্রিয়া
এ বিষয়ে জানতে রফিকুল ইসলামের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “সম্প্রতি প্রকাশ্যে দেওয়া রফিকুল ইসলামের বক্তব্য দলীয় আদর্শ, নীতি ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি হওয়ায় তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”



