চাঁদপুরের ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ঘিরে বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৩১ মে) বিকালে উপজেলা পরিষদ গেটের সামনে এ সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণে মেহেদী হাসান রনি (৩০) নামে এক যুবদল নেতাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
সংঘর্ষের বিবরণ
জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এমএ হান্নান। অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদ গেটে ধানের শীষ মনোনীত প্রার্থীর সমর্থকদের সঙ্গে এমএ হান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক এমপি লায়ন হারুনের সমর্থকরা অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদ গেটে অবস্থান নেয়। এ সময় হঠাৎ করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের পর উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া শুরু হয়। উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
আহত ও ক্ষয়ক্ষতি
দফায় দফায় ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রনিসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রতিক্রিয়া
এ ব্যাপারে সংসদ সদস্য এমএ হান্নান বলেন, পুলিশের উপস্থিতিতেও সন্ত্রাসীরা তার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে তারা এদের প্রতিহত করবেন।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, উপজেলা পরিষদের অডিটোরিয়ামে রাজনৈতিক কর্মসূচি চলছিল। পরিষদের বাইরে রাস্তায় দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েনের কথা জানান।



