চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃক জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা এবং সাধারণ শিক্ষার্থীদের গ্রাফিতি পুনর্লিখনের সময় পুলিশি হামলার প্রতিবাদ জানিয়েছে রংপুরে জাতীয় ছাত্রশক্তি। তারা এর প্রতিবাদে রংপুর মহানগরের উদ্যোগে 'গ্রাফিতি পুনর্লিখন কর্মসূচি' পালন করেছে।
কর্মসূচির বিবরণ
মঙ্গলবার রংপুর টাউন হলের সামনে অবস্থিত জুলাই চত্বরের পাশের দেয়ালে এই গ্রাফিতি পুনর্লিখনের মাধ্যমে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগর শাখার নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য
কর্মসূচি পালনকালে সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের স্মৃতি ও শিক্ষার্থীদের শিল্পকর্ম মুছে ফেলার অপচেষ্টা ইতিহাসকে বিকৃত করার শামিল। তারা অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানান এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার আহবান জানান। দাবি না মানা হলে আবারও আন্দোলনে নামার ঘোষণা দেওয়া হয় এ কর্মসূচি থেকে।
উপস্থিত নেতৃবৃন্দ
গ্রাফিতি পুনর্লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন, যুগ্ম আহ্বায়ক (দপ্তর) মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, যুগ্ম সদস্য সচিব ফারহান তানভীর ফাহিম ও মেহেদী হাসান মীম, সংগঠক সাদিয়া ইসলাম অনন্যা, জাকারিয়া জিওন, বিজয় সুমন, সদস্য মিজানুর মুন্না এবং সরকারি বেগম কলেজের শিক্ষার্থী আদিবা ইবনাত প্রমুখ।



