এমপিদের উদ্দেশে প্রধানমন্ত্রী: সংসদ নাই? সংসদে যান
এমপিদের প্রধানমন্ত্রী: সংসদ নাই? সংসদে যান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সিলেট ও হবিগঞ্জের সংসদ সদস্যদের বিমানবন্দরে উপস্থিত থাকতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের উদ্দেশে তিনি বলেন, 'সংসদ নাই আজকে? সংসদে যান। আমি মৌলভীবাজার যাব, আপনাদের এখানে কোনো কাজ নাই; আপনারা সংসদে যান।'

প্রধানমন্ত্রীর সিলেট আগমন

বুধবার (১৭ জুন) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীকে সিলেটে স্বাগত জানিয়ে করমর্দন করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য জি কে গৌছ, এমরান আহমদ চৌধুরী, আব্দুল মালেক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা পরিষদের প্রশাসক আবুল খায়ের শামীম।

এ সময় সিলেট ও হবিগঞ্জের সংসদ সদস্যদের বিমানবন্দরে উপস্থিত থাকতে দেখে বিস্ময় প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, 'সংসদ নাই আজকে? সংসদে যান। আমি মৌলভীবাজার যাব, আপনাদের এখানে কোনো কাজ নাই; আপনারা সংসদে যান।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর

প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পর তারা বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওয়ানা হন। শ্রীমঙ্গলে যাওয়ার পথে চৌকিদেখি এলাকার লাক্কাতুড়া চা বাগানসংলগ্ন সড়কে চা শ্রমিকরা বৃষ্টি উপেক্ষা করে বাদ্যযন্ত্র বাজিয়ে ও গাড়ির ওপর ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।

চৌকিদেখির পাশাপাশি সিলেট নগরীর আরও তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ সড়কের দুপাশে অবস্থান নিয়ে হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ সময় তার চলন্ত গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত সাধারণ জনতা ও নেতাকর্মীদের আন্তরিক অভিবাদনের জবাব দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ