বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে এক ব্যক্তি নিহত এবং অপর পক্ষের আট জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে লিটন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। পুলিশ এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে। সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণ
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত লিটন সাকিদার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি মণ্ডলবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। জমির মালিকানা নিয়ে একই গ্রামের তারাজুল ইসলাম সাকিদারের ছেলে মুহিদুল ইসলাম সাকিদারের (৬৪) সঙ্গে দুদু প্রামাণিকের ছেলে খাজা প্রামাণিকের (৬০) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে আদালতে উভয়পক্ষের একাধিক মামলা রয়েছে।
শুক্রবার বেলা ১০টার দিকে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। সংঘর্ষে লিটন সাকিদার, মুহিদুল সাকিদারের ছেলে রিপন আহমেদ সাকিদার (৩২), তারাজুল ইসলাম সাকিদারের ছেলে মুহিদুল ইসলাম সাকিদার (৬৪), মৃত ওফিজ সাকিদারের ছেলে সায়েদজ্জামান সাকিদার (৬২), ফুল বাবু সাকিদারের ছেলে সহিদ ইসলাম সাকিদার (৩১), দবির সাকিদারের ছেলে মন্তেজার রহমান সাকিদার (৫৫), মুহিদুল ইসলাম সাকিদারের স্ত্রী দিলেরা বেগম (৪০), মালেক প্রামাণিকের ছেলে তাহেরুল ইসলাম প্রামাণিক (৫০) এবং জুয়েল মিয়া প্রামাণিকের ছেলে মুন প্রামাণিক (২৮) আহত হন।
আহতদের উদ্ধার ও চিকিৎসা
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে লিটন সাকিদার, রিপন আহমেদ এবং মুহিদুল সাকিদারের অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে লিটন সাকিদার মারা যান।
পুলিশের বক্তব্য
সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকায় পাঁচ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তাদের গ্রেফতার করা হবে।”



