বিএনপি ও এর তিন সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নিজ দলের নেতা–কর্মীদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী
গতকাল শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমাদের নতুন সংগ্রামে নামতে হবে।’
নতুন সংগ্রামের আহ্বান
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটি হলো আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম, তার বাস্তবায়ন করা।’ তিনি আরও বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আপনারা মাঠে ছিলেন। আমি বলেছিলাম, নির্বাচন কিন্তু কঠিন হবে। আপনারা প্রত্যেকেই পরতে পরতে সেটা অনুভব করেছেন। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের নির্বাচনী ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে।’
ইশতেহার জনগণের ইশতেহার
নির্বাচনের আগে দেওয়া ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘নির্বাচনের আগের দিন পর্যন্ত আমাদের দেওয়া ইশতেহার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে, বিশেষ করে আমরা সরকার গঠন করার পরে এই ইশতেহার আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।’ এই ইশতেহার বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে আমরা মানুষকে বলেছিলাম, আমরা সুশাসন দেব। আমরা এমন একটি দেশ তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থীরা একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে। নারী–পুরুষ–শিশু সবাই নিরাপদে রাস্তায় চলতে পারবে।’
স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই
তারেক রহমান বলেন, ‘আমরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, তখন বলেছিলাম যে আমাদের ওপরে যে রকম অত্যাচার–নির্যাতন হচ্ছে, গুম–খুনের শিকার হতে হচ্ছে, তাতে আমরা রাজনৈতিক দলের নেতা–কর্মীরা চাই, দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক, যেখানে আমরা বিতর্ক করব, স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করব।’
সভায় উপস্থিত নেতারা
এই মতবিনিময় সভা শুরু হয় গতকাল বেলা পৌনে ১১টায়। দিনব্যাপী রুদ্ধদ্বার এই সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।



