ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বিভিন্ন দেশে ১৪-১৬ বছর বয়সি ছেলে-মেয়েদের নিরাপত্তার জন্য সামাজিক মিডিয়া ব্যবহারে আইন ও বিধিবিধান রয়েছে। আমরা তা পর্যালোচনা করছি। ভালো-মন্দ সব দিক বিবেচনা করে বিষয়টি যাচাই-বাছাই করা হবে। এরপর জাতীয় সাইবার সুরক্ষা কমিটিতে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
পানির ট্যাংক উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী
শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের কাকরাইদ এলাকায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় এক লাখ লিটার ধারণক্ষমতার ওভারহেড পানির ট্যাংকের নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
জাতীয় সাইবার সুরক্ষা কমিটির ভূমিকা
মন্ত্রী আরও বলেন, জাতীয় সাইবার সুরক্ষা কমিটির সভাপতি হিসাবে তিনি সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে দেশের বাস্তবতা ও শিশু-কিশোরদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সিদ্ধান্ত গ্রহণে কাজ করবেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হকসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



