বিশ্বকাপের শেষ ষোলোতে সোমবার (৬ জুলাই) মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচের আগে অপ্টা সুপার কম্পিউটার ২৫ হাজার সিমুলেশন চালিয়ে জানিয়েছে, নির্ধারিত সময়ে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ। নরওয়ের জয়ের সম্ভাবনা ২২ দশমিক ৪ শতাংশ, আর ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে যাওয়ার সম্ভাবনা ২৪ শতাংশ।
কোয়ার্টার ফাইনালে কে?
সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ব্রাজিলের ৬৫ দশমিক ৬ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা মাত্র ৩৪ দশমিক ৫ শতাংশ। জিতলে শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা মেক্সিকো।
ব্রাজিলের শক্তিশালী রেকর্ড
বিশ্বকাপের শেষ ষোলোর রেকর্ড ব্রাজিলের পক্ষে। নিজেদের শেষ দশটি শেষ ষোলোর ম্যাচের মধ্যে নয়টিতেই পরের রাউন্ডে গেছে তারা। শুধু ১৯৯০ সালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে বাদ পড়েছিল।
নরওয়ের ইতিহাস
অন্যদিকে, নরওয়ে আগের রাউন্ডে আইভরি কোস্টের বিপক্ষে শেষ মুহূর্তে জিতেছিল। ৮৬ মিনিটে গোল করেন আর্লিং হালান্ড, ম্যাচ শেষ হয় ২-১ গোলে। বিশ্বকাপের নকআউট পর্বে এটাই ছিল নরওয়ের প্রথম জয়। এর আগে বড় কোনো টুর্নামেন্টে তারা মাত্র দুটি নকআউট ম্যাচ খেলেছিল, দুটোতেই হেরেছিল ইতালির কাছে—১৯৩৮ ও ১৯৯৮ সালে।
ব্রাজিলের আগের রাউন্ড
আগের রাউন্ডে জাপানের বিপক্ষে কষ্টে জিতেছিল ব্রাজিল। শেষ মুহূর্তে গোল করে দলকে জয় এনে দেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ম্যাচ শেষ হয় ২-১ গোলে। জাপানের হয়ে গোল করেছিলেন কাইশু সানো, সেটা শোধ করেন কাসেমিরো। মার্তিনেল্লির গোলে বল বাড়িয়েছিলেন ব্রুনো গিমারায়েস। এই বিশ্বকাপে তার অ্যাসিস্ট সংখ্যা এখন চার। ১৯৬৬ সালের পর এক আসরে ব্রাজিলের হয়ে এত অ্যাসিস্ট দিয়েছেন শুধু পেলে, ১৯৭০ সালে তার অ্যাসিস্ট ছিল ছয়টি।



