বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয়ের ইতিহাস গড়ল মিশর। পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মোহামেদ সালাহর দল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়।
ম্যাচের গতিপথ
১২ মিনিটে এগিয়ে যায় মিশর। বক্সের ডান পাশে ফ্রি কিক থেকে কারিম হাফিজের ক্রসে হেডে গোল করেন ইমাম আশুর। এই গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দল দুটি। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে সেটপিস থেকে আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। মোহামেদ হানির মাথায় লেগে বল জালে জড়ায়, যা এবারের বিশ্বকাপে তার দ্বিতীয় আত্মঘাতী গোল।
টাইব্রেকার নাটকীয়তা
নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল না আসায় খেলা নিষ্পত্তি হয় টাইব্রেকারে। শুরুতে দুটি টসেই জিতে যান মিশরের অধিনায়ক সালাহ। সবাইকে চমকে দিয়ে তিনি আগে পেনাল্টি নিতে পাঠান অস্ট্রেলিয়াকে। টাইব্রেকারে প্রথম শট নিতে এসে লক্ষ্যভ্রষ্ট হন অস্ট্রেলিয়ার হ্যারি সাউটার। এরপর একে একে গোল করেন দুই দলের খেলোয়াড়রা। তৃতীয় শট নিতে আসা সালাহ নিজে নেন সাহসী এক পেনাল্টি, পানেনকা শটে বল জড়ান জালে। তার ঠিক পরেই অস্ট্রেলিয়ার লুকাস হেরিংটনের শট বাইরে চলে যায়। এরপর আবদেল মাজিদ গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে বল ঠেলে দেন জালে। আর তাতেই ৪-২ ব্যবধানে টাইব্রেকার জিতে নেয় মিশর।
ইতিহাস গড়ল ফারাওরা
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো জয় তুলে নিয়েছে মিশর। শেষ ষোলতে এবার তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের বিজয়ী দল।



