ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত এই সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আইনশৃঙ্খলা ও অপরাধ দমনে জোর
সভায় নাহিদ ইসলাম স্থানীয়দের জমি দখল প্রতিরোধে ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন। তিনি মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটের মূল নিয়ন্ত্রকদের বিরুদ্ধে অভিযান জোরদার করার আহ্বান জানান। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনার পাশাপাশি যানজট নিরসনে অবৈধ পার্কিং বন্ধের ওপরও তিনি জোর দেন।
জনসেবার মান উন্নয়নের আহ্বান
থানাগুলোতে জনসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, অপরাধ দমনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় আনা যাবে না। একই সঙ্গে রাজনৈতিক কারণে যেন কেউ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পুলিশের আশ্বাস
সংসদ সদস্যের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।



