লক্ষ্মীপুরের রায়পুরে থানায় মামলা করতে গিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ নয়নকে আটক করে পুলিশ। পরে তাকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার (৫ মে) দুপুরে রায়পুর থানার ওসি শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণ
অভিযোগ উঠেছে, নয়নের বড় ভাই মঞ্জু মোল্লাকে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনায় থানায় মামলা করতে গেলে তা না নিয়ে উল্টো নয়নকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার নয়ন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লার ছেলে। সোমবার (৪ মে) রাতে রায়পুর উপজেলা শহর থেকে তাকে আটক করে পুলিশ।
আদালতে সোপর্দ
মঙ্গলবার দুপুরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে থানা পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক নয়নের কয়েকজন শুভাকাঙ্ক্ষী জানান, দুর্বৃত্তরা সোমবার বিকালে চরলক্ষ্মী গ্রামে নয়নের বড় ভাই মালদ্বীপ প্রবাসী মঞ্জুর মোল্লাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় তিনি থানায় মামলা করতে যান। সেখান থেকেই তাকে আটক করা হয়েছে।
পরিবারের বক্তব্য
তবে নয়নের ভগিনীপতি নুর মোহাম্মদ বলেন, কী একটা কাজে নয়ন যায়। সেখান থেকেই তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মামলা থাকলেও জামিনে ছিলেন। বিস্তারিত কিছু জানি না। রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় নয়নকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে থানা এলাকার বাহির থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি থানায় কোনো মামলা করতে আসেননি।



