রাজধানীর ধানমন্ডির মাসজিদ-উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ৭ যুবককে আটক করা হয়েছে। তারা আওয়ামী লীগের নেতাকর্মী।
ঘটনার বিবরণ
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানাজার নামাজ শেষে নেতাকর্মীরা স্লোগান দিলে পুলিশ লাঠিচার্জ করে। এরপর কয়েকজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
পুলিশের বক্তব্য
ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক বলেন, ‘যথাসময়ে মরদেহবাহী গাড়ি যাতে যেতে পারে, আমরা সেই ব্যবস্থা করেছি। আর যারা বিশৃঙ্খলা করেছে তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়েছে, সেই সংখ্যাটি এই মুহূর্তে বলতে পারছি না। যাচাই-বাছাই করে জানানো হবে।’
আটক ব্যক্তিরা আওয়ামী লীগের নেতাকর্মী কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বিশৃঙ্খলাকারীদের কোনও রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা বিশৃঙ্খলা করেছে তাদের ধরা হয়েছে। তবে যদি আটক ব্যক্তিদের মধ্যে সাধারণ কেউ থাকে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।’
এলাকায় অভিযান
এ ঘটনার পর ধানমন্ডি ৩২ নম্বর এলাকাজুড়ে পুলিশ অভিযান শুরু করেছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিসানুল হক বলেন, ‘আমরা এই এলাকায় সতর্ক অবস্থানে রয়েছি। কাউকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করছি।’
তোফায়েল আহমেদের মৃত্যু
উল্লেখ্য, আজ বিকাল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। বর্ষীয়ান এই নেতার পরবর্তী জানাজা হবে আগামীকাল ভোলায় তার গ্রামের বাড়িতে।



