ঈদুল আজহাকে ঘিরে গণমুখী ১০টি বিষয় নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সোমবার (১ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশনা
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি ও সুস্পষ্ট নির্দেশনায় এই ঈদে রাষ্ট্র পরিচালনায় দায়বদ্ধতা, প্রশাসনিক সমন্বয় এবং নীতিগত পরিবর্তন দেখা গেছে। তিনি মন্ত্রী-প্রতিমন্ত্রী, সব সংসদ সদস্য ও গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করতে বলেছেন, মানুষের পাশে থেকে ঈদের আনন্দ ভাগ করে নিতে প্রেরণা জুগিয়েছেন।
গণমুখী পদক্ষেপ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ঈদে সরকারের আন্তরিক সদিচ্ছা ও জনকল্যাণমুখী প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নির্বিঘ্ন ঈদযাত্রা, গণপরিবহন ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, শ্রমিকদের বেতন পরিশোধ, গণপরিবহনে চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ ১০টি গণমুখী বিষয় নিশ্চিত করা হয়।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মাত্র তিন মাস পূর্ণ হয়েছে। সময়ের পরিমাপে এটি হয়ত খুব দীর্ঘ নয়, কিন্তু একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি অঙ্গীকার রক্ষার দিন, প্রতিটি মুহূর্তই দায়িত্ব পালনের পরীক্ষা, আর প্রতিটি পদক্ষেপই জবাবদিহিতা ও সেবার প্রতিফলন।
তিনি আরও বলেন, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমরা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কারণ আমরা বিশ্বাস করি, জনগণের আস্থা ও বিশ্বাসই একটি সরকারের সবচেয়ে বড় শক্তি।



