বিএনপির কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 'সামনে কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। কঠিন সময়ে হেসেখেলে চললে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের অনেক বড় ক্ষতি হবে।'
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা
রবিবার (৩১ মে) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে (কেআইবি) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন শীর্ষ নেতারা।
সরকারের সফলতা ও সহযোগিতার আহ্বান
প্রধানমন্ত্রী বলেন, 'জিয়াউর রহমান ধীরে ধীরে পরিকল্পনা করে দেশকে এগিয়ে নিয়েছিলেন। একইভাবে সেই পথনির্দেশিকা মেনেই কর্মসূচি হাতে নিয়েছিলেন। সরকার তখনই সফল হবে যখন দলের লোকজন সরকারকে সহযোগিতা করবে। শুধু সরকারের মন্ত্রীরা পরিশ্রম করলেই সফলতা আসবে না। এক্ষেত্রে সব অঙ্গ ও সহযোগী সংগঠনের ভূমিকা রাখা প্রয়োজন। যেভাবে নির্বাচনে সহযোগিতা করে জয় এসেছে, তেমনি সহযোগিতা করতে হবে।'
গণতন্ত্র হত্যার অভিযোগ
তারেক রহমান বলেন, 'মুক্তিযুদ্ধের পর মানুষের যে আকাঙ্খা তা আর পূরণ হয়নি। গত ১৭ বছর বাংলাদেশে কী চলেছে সবাই তা জানে। এই সময়ে বিচার, শিক্ষা, স্বাস্থ্যসহ গণতন্ত্রকে হত্যা করা হয়েছে জাতি তার সাক্ষী। অনেকটা একই রকম পরিস্থিতির মধ্যে এই বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে।'
ইশতেহার বাস্তবায়নের নির্দেশ
তিনি বলেন, 'সরকারের ইশতেহার ১২ ফেব্রুয়ারির আগে ছিল বিএনপির, এখন সেটি জনগণের। যারা এটির পক্ষে রায় দিয়েছে তাদের আশা-ভরসা পূরণ করতে হবে। বিএনপি সরকার জিয়াউর রহমানের দর্শন থেকেই দেশ পরিচালনা করছে এবং করবে। আর ইশতেহারেও সেই ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। আমরা মনে করি— জনগণের দৃষ্টিতে সফল হতে হলে সর্বস্তরের নেতাকর্মীদের ইশতেহার বাস্তবায়নে কাজ করতে হবে।'



