জিয়াউর রহমানের রূপকল্প বাস্তবায়নে চলচ্চিত্র অঙ্গন এগিয়ে যাবে: ড. মঈন খান
জিয়াউর রহমানের রূপকল্প বাস্তবায়নে চলচ্চিত্র এগিয়ে যাবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এমপি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূপকল্পই চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে। শনিবার (৩০ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের আয়োজনে বিএফডিসি গেটে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৫০০ শতাধিক মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানের বিবরণ

বেলা ১১টায় শুরু হওয়া এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের প্রধান উপদেষ্টা চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। সভাপতিত্ব করেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব অভিনেতা এবিএম সোহেল রশিদ এবং উপস্থাপনা করেন সাংগঠনিক সম্পাদক, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মনজুরুল ইসলাম মেঘ।

উপস্থিত অতিথিবৃন্দ

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম, আবু হেনা বাবলু, হান্নান মজুমদার, সহ-সভাপতি চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু, অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া, চিত্রনায়ক আবির চৌধুরী, চিত্রনায়ক মারুফ আকিব, যুগ্ম মহাসচিব চিত্রনায়িকা জিনিয়া, চিত্রনায়ক তানভির তনু, জিএম সাঈদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চলচ্চিত্র পরিচালক রাজু আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক চলচ্চিত্র ব্যবস্থাপক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আজিজুল হক খোকা, অভিনেতা আসিফ বাবু, পলাশ খান, ডেঞ্জার নাসিম, ব্যবস্থাপক শাহ আলম ও অভিনেতা মোহাম্মাদ হোসেন লিটন প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধান অতিথির বক্তব্য

ড. মঈন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূপকল্প চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চলচ্চিত্র অনুদান প্রবর্তন, বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা, বিটিভিকে সাদাকালো থেকে রঙিনকরণ এবং বিএফডিসির আধুনিকায়ন করেছেন। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন চলচ্চিত্রের উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে বলে তিনি দাবি করেন। ভবিষ্যতে বিএনপি সরকার অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে চলচ্চিত্রের উন্নয়ন অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য

চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, বিগত ১৭ বছর ধরে এফডিসি ধ্বংস করা হয়েছে। বিএনপি চলচ্চিত্রের যে উন্নয়ন করেছিল, পলাতক ফ্যাসিস্ট সরকার তা ধ্বংস করে চলচ্চিত্রের শেষ করে দিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সাথে নিয়ে চলচ্চিত্রের উন্নয়ন করা হবে।

শাহাদাতবার্ষিকীর অন্যান্য আয়োজন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন চলচ্চিত্র পরিচালক নাসিরউদ্দিন মিলন এবং সদস্য সচিব হান্নান মজুমদার। অনুষ্ঠানে শহীদ জিয়া, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রয়াত আরাফাত রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকালে কুরআন খতম ও ফাতেহা পাঠ করা হয়। আয়োজনে সহযোগিতা করে বিএফডিসি জাতীয়তাবাদী এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।