জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে তারেক রহমানের বস্ত্র বিতরণ
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে তারেক রহমানের বস্ত্র বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠান

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ এবং বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। আজ দিনব্যাপী এ কর্মসূচি চলবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামানসহ অন্যরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তী কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনের বাকি সময়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির আরও ১৬টি জায়গায় দরিদ্র মানুষকে খাবার ও কাপড় দেবেন। এর আগে সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

দেশব্যাপী কর্মসূচি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।

জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। বিএনপি দিনটিকে ‘শাহাদাতবার্ষিকী’ হিসেবে পালন করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ