বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে শ্রদ্ধা নিবেদন, খাদ্য ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ও খাদ্য বিতরণ
দলীয় সূত্র জানায়, শনিবার বেলা ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে টি অ্যান্ড টি খেলার মাঠ সংলগ্ন এলাকায় দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে ধারাবাহিকভাবে রাজধানীর আরও ১৬টি স্থানে আয়োজিত বিতরণ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে তার।
অন্যান্য নেতাদের কর্মসূচি
এদিকে, সকাল সাড়ে ৯টায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পরে, বেলা ১১টায় হাইকোর্ট মাজার সংলগ্ন এলাকায় আইনজীবীদের আয়োজনে দুস্থদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন রুহুল কবির রিজভী।
অন্যদিকে, বেলা ১১টা ২০ মিনিটে কারওয়ান বাজারে এফডিসির সামনে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।



