টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং আরও ১০ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৫ মে) দুপুরে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ শোক জানানো হয়।
দুর্ঘটনার বিবরণ
বিবৃতিতে উল্লেখ করা হয়, আজ ২৫ মে ভোর ৪টার দিকে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব সংযোগ সড়কের সরাতৈল এলাকায় একটি রডবোঝাই ট্রাক উল্টে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এতে ১৭ জন নিহত এবং আরও ১০ জন গুরুতর আহত হন।
শোক ও সমবেদনা
মিয়া গোলাম পরওয়ার বলেন, 'আমরা এই ভয়াবহ দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।' তিনি নিহতদের রূহের মাগফিরাত এবং তাদের পরিবারের সদস্যদের ধৈর্যধারণের তাওফিক কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আহ্বান
বিবৃতিতে তিনি দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ ধরনের দুর্ঘটনা রোধে সকল পরিবহণ মালিক, চালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। বিশেষ করে ওভারলোড এড়িয়ে চলা, ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলা এবং গাড়ির চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করার ওপর জোর দেন।
তদন্ত ও কার্যকর ব্যবস্থা
তিনি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।



