আগামী জুনে যে বাজেট পেশ করা হবে, সেখানে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার লাকসামে মুদাফফরগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং এখন মানুষকে কার্ড দেওয়া শুরু করেছি।
এক বছরে ৫০ লাখ পরিবারকে কার্ড
তিনি আরও বলেন, ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের প্রায় ৫০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। বাংলাদেশের মানুষ বিশ্বাস নিয়ে বিগত নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করেছে এবং সেই বিশ্বাসের মূল্যায়ন করা হবে।
জনগণের প্রতি আহ্বান
উপস্থিত জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যারা এখানে আছেন, তাদের কাছে অনুরোধ, আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করুন। ইনশাল্লাহ, দেশের যেসব কাজ রয়েছে, বিএনপি সবগুলো পর্যায়ক্রমে করবে। আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব।



