ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ট্রাকচালক ও সহকারী নিহত
ফরিদপুরে ট্রাকচালক ও সহকারী নিহত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পণ্যবাহী ট্রাকের চাকা পাল্টানোর সময় পেছন থেকে আসা একটি গাড়ির চাপায় ট্রাকের চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকায় বগাইল টোল প্লাজার প্রায় ৫০০ গজ পূর্ব দিকে ভাঙ্গামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা

নিহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ট্রাকচালক ইউসুফ মিয়া (৫০) ও তাঁর সহকারী একই গ্রামের মো. ইয়াকুব হোসেন (২৬)।

দুর্ঘটনার বিবরণ

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পণ্যবাহী ট্রাক ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। পথে এক্সপ্রেসওয়ের বামনকান্দা এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা ফেটে যায়। পরে চালক ও সহকারী ট্রাকটি এক্সপ্রেসওয়ের পাশে থামিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি গাড়ি তাঁদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই ইউসুফ ও ইয়াকুবের মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের কার্যক্রম

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, পুলিশ দুটি লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। দুর্ঘটনাকবলিত পণ্যবাহী ট্রাকটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া গাড়িটি শনাক্ত ও চালককে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ