মুন্সীগঞ্জের শ্রীনগরে নিজের পালিত রাজহাঁসের পা ভেঙে দেওয়ার বিচার চাইতে গেলে প্রতিবেশীর হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন সুবর্ণা আক্তার (২০) নামের এক নারী। এ ঘটনায় রাজহাঁস নিয়ে থানায় ছুটে গেছেন ওই নারী। সেইসঙ্গে প্রতিবেশী তিন ভাইয়ের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
ঘটনার বিবরণ
সোমবার (২২ জুন) সকালে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। সুবর্ণা ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সোমবার সকালে সুবর্ণার পালিত একটি রাজহাঁস প্রতিবেশীর বাড়িতে চলে যায়। এতে প্রতিবেশী তিন ভাই শামসুল মোল্লা (৪৫), আনোয়ার মোল্লা (৪০) ও কালাম মোল্লা (৩৫) ক্ষিপ্ত হাঁসের পা ভেঙে দেন।
হামলা ও চিকিৎসা
বিষয়টি জানতে পেরে ওই নারী প্রতিবেশীর বাড়িতে গিয়ে বিচার চান। এতে ক্ষুব্ধ হয়ে তিন ভাই মিলে সুবর্ণাকে মারধর করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। দুপুরে ওই নারী রাজহাঁস নিয়ে শ্রীনগর থানায় ছুটে যান। পরে থানায় লিখিত অভিযোগ দেন।
ভুক্তভোগীর বক্তব্য
এ সময় সুবর্ণা সাংবাদিকদের বলেন, 'বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এ ঘটনার বিচার চাই।'
পুলিশের অবস্থান
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, 'ওই নারীর করা একটি অভিযোগ হাতে পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'



