গাজীপুরের কালিয়াকৈরে একটি পাগলা শিয়ালের কামড়ে নারী-শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুয়ারচালা বারেক মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাগলা শিয়ালটি প্রথমে হালিমা আক্তারের ঘরে প্রবেশ করে তাকে কামড়িয়ে আহত করে। এরপর এটি একে একে হাসান মিয়া, শাওন, মোরশেদা বেগম, বিলকিস বেগম, টিপু মিয়াসহ আরও অনেককে কামড়িয়ে আহত করে। আহতদের মধ্যে ছয়জনকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এলাকায় আতঙ্ক
শিয়ালটি এখনো এলাকায় বিচরণ করায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকার বাসিন্দা জামিরুল ইসলাম বলেন, "সোমবার রাত সাড়ে ৮টার দিকে একটি পাগলা শিয়াল গ্রামের ভেতর প্রবেশ করে অন্তত ২০ জনকে কামড়িয়ে আহত করেছে। শিয়ালটি এখনো দৌড়াদৌড়ি করায় লোকজন আতঙ্কিত।"
পুলিশের বক্তব্য
মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ শামীম আকতার বলেন, "রাতে খবর পেয়েছি ওই এলাকায় একটি পাগলা শিয়াল কয়েকজনকে কামড়িয়ে আহত করেছে। তাদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।"



