বিশ্বকাপে ফ্রান্স-ইরাক ম্যাচ বজ্রঝড়ে স্থগিত, দ্বিতীয়ার্ধ শুরু হয়নি
বিশ্বকাপে ফ্রান্স-ইরাক ম্যাচ বজ্রঝড়ে স্থগিত

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে চলমান বিশ্বকাপের ফ্রান্স–ইরাক ম্যাচটি বজ্রঝড়ের কারণে দ্বিতীয়ার্ধের শুরুতে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ফ্রান্স। বিরতির পর প্রতিকূল আবহাওয়ার কারণে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে দেরি হচ্ছে বলে নিশ্চিত করা হয়।

স্থগিতের কারণ ও নিরাপত্তা ব্যবস্থা

ফিফার একজন কর্মকর্তা সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’কে জানান, প্রথমার্ধের নির্ধারিত ১৫ মিনিটের বিরতিসহ খেলা অন্তত ৩০ মিনিট বন্ধ থাকবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামের এক্স হ্যান্ডলে পোস্ট করে বলা হয়, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে দেরি হচ্ছে। পরিবেশ নিরাপদ মনে হলেই খেলা পুনরায় শুরু হবে। দর্শকদের যার যার অবস্থানে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

এর আগে ফিলাডেলফিয়ায় স্থানীয় সময় দুপুর ২টা থেকে বন্যা সতর্কতা জারি করা হয় এবং ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়। তবে নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হয়, কিন্তু দ্বিতীয়ার্ধের আগে পরিস্থিতি আরও খারাপ হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যুক্তরাষ্ট্রে বজ্রঝড়ে খেলা বন্ধের নিয়ম

যুক্তরাষ্ট্রে বজ্রঝড়ে খেলা বন্ধ রাখার নিয়ম ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’ এর সুপারিশের ভিত্তিতে তৈরি। নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের (প্রায় ১৩ কিলোমিটার) মধ্যে বজ্রপাত বা বিদ্যুৎ চমকানোর ঘটনা শনাক্ত হলে ম্যাচ স্থগিত করা বাধ্যতামূলক। দর্শকদের গ্যালারি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় এবং খেলোয়াড় ও অফিশিয়ালরা ড্রেসিংরুমে চলে যান। ফিলাডেলফিয়া স্টেডিয়ামেও একই পদক্ষেপ নেওয়া হয়।

খেলা পুনরায় শুরু করতে স্টেডিয়ামের আট মাইলের মধ্যে ৩০ মিনিট নতুন করে কোনো বজ্রপাত না হওয়ার শর্ত রয়েছে। এ সময়ের মধ্যে আবারও বজ্রপাত হলে নতুন করে আরও ৩০ মিনিট অপেক্ষার পর খেলা শুরু করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ম্যাচ বাতিলের সম্ভাবনা

খেলা স্থগিত রাখার সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই। পরিবেশ সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত ম্যাচ বন্ধ রাখা হবে। ফিফা পরিস্থিতি বিবেচনা করে প্রতিটি ম্যাচের ক্ষেত্রে আলাদাভাবে সিদ্ধান্ত নেবে। ৪৮ দলের এই টুর্নামেন্টে কোনো ম্যাচ স্থগিত হলে সূচিতে জটিলতা তৈরি হতে পারে, বিশেষ করে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোর ক্ষেত্রে।

যুক্তরাষ্ট্রে আগের ঘটনা

গত বছর ক্লাব বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচ আবহাওয়ার কারণে বিঘ্নিত হয়। নর্থ ক্যারোলিনায় চেলসি ও বেনফিকার ম্যাচটি ‘তীব্র প্রতিকূল আবহাওয়া’র কারণে ৪ ঘণ্টা ৩৮ মিনিট বন্ধ ছিল। চেলসির তৎকালীন কোচ এনজো মারেস্কা বিষয়টিকে ‘তামাশা’ বলে ক্ষোভ প্রকাশ করেন। এ ছাড়া ফ্লোরিডায় অকল্যান্ড সিটি ও বেনফিকার ম্যাচ দুই ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।

বিশ্বকাপে ইতিহাস

১৯৭৪ বিশ্বকাপে সেমিফাইনালে পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের ম্যাচটি রেকর্ড বৃষ্টির পর জলমগ্ন স্টেডিয়ামে মাত্র আধা ঘণ্টা বিলম্বে শুরু হয়েছিল।