রূপগঞ্জে অভিযানে গিয়ে মারধরের শিকার ডিবির ৩ সদস্য
রূপগঞ্জে অভিযানে গিয়ে মারধরের শিকার ডিবির ৩ সদস্য

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় অভিযানে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ৩টার দিকে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মামুন মাতুব্বর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমান উল্লাহ, কনস্টেবল কবির আহমেদ ও কনস্টেবল আকাশ আহমেদসহ মোট চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেফতারের উদ্দেশে যায়। এ সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যায়। সেখানে তাদের আবারও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

উদ্ধার ও চিকিৎসা

খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন- এসআই মামুন মাতুব্বর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহমেদ। পুলিশ জানায়, ডিবির আরেক সদস্য আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে থাকায় তিনি হামলার শিকার হননি। পরে তিনি তাদের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় এসে ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনায় জড়িত তা নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে। রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান, রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে এমন কোনো তথ্য আমার কাছে নেই। ঢাকা গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, জেলা ডিবির কয়েকজন কর্মকর্তা রুপগঞ্জের ভুলতা এলাকায় এসেছিলেন। তারা সাদা পোশাকে ছিলেন। ইউনিফর্ম না থাকায় তারা জনরোষের শিকার হন। পরে সোনারগাঁ থানা ও আড়াইহাজার থানা পুলিশ তাদের গিয়ে উদ্ধার করে।