শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন সরকারি চাল জব্দ
শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণের জন্য নির্ধারিত ৩৩ টন সরকারি চাল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের চাপাতলী এলাকায় অবস্থিত জেবীন রাইস প্রসেসিং নামক একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে এই চাল জব্দ করা হয়।

আটক ও জব্দ

এ ঘটনায় গুদামের মালিক বোরহান উদ্দিনকে আটক করা হয়েছে। তিনি পৌর শহরের কসবা কাঠগড় এলাকার বাবুল মিয়ার ছেলে। জব্দ করা চালের বাজারমূল্য ১৬ লাখ ২২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের বিবরণ

পুলিশ জানায়, জেলা শহরের চাপাতলী মহল্লায় বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় চলতি বছরের জুন মাসের সরকারি খাদ্যবান্ধব চালের সিলমোহর করা ৩৩ টন চাল পাওয়া যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযানের সময় দেখা যায়, পাচারের উদ্দেশ্যে খাদ্য অধিদফতরের ৫০ কেজি ওজনের ৫০০ বস্তা এবং ৩০ কেজি ওজনের ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তায় ৩৩ টন ১০০ কেজি চাল সেখানে মজুত ছিল।

আইনি ব্যবস্থা

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান জানান, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন সংক্রান্ত ক্ষতিকর কার্যক্রম ২০২৩-এর ৫-এর ক ও খ এবং ৬ ধারা মোতাবেক উপযুক্ত বিচারের জন্য জুডিশিয়াল আদালতে মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আটককৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়।

শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, ‘আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ