বিদ্যুৎ বিল চাওয়ায় বাড়িওয়ালাকে ছুরিকাঘাত, লুটপাটের অভিযোগ হাজারীবাগে
বিদ্যুৎ বিল চাওয়ায় বাড়িওয়ালাকে ছুরিকাঘাত, লুটপাট

রাজধানীর হাজারীবাগ থানা এলাকার ঝাউচর গুদাড়াঘাট একতা বাড়ির মালিক সংঘের একটি বাড়িতে ভাড়াটিয়ার কাছে বকেয়া বিদ্যুৎ বিল চাওয়াকে কেন্দ্র করে বাড়ির মালিক মো. জালাল উদ্দিন (৬৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ৬ লাখ টাকা, দুই ভরি স্বর্ণালংকার লুট, বাড়িতে ভাঙচুর এবং পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। দুপুর ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় জালাল উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন জালাল উদ্দিন জানান, প্রায় তিন মাস আগে তিনি খোকন নামে এক বাবুর্চিকে তার পরিবারের সদস্যদের নিয়ে চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাট মাসিক ৮ হাজার টাকায় ভাড়া দেন। ভাড়া পরিশোধ করলেও গত তিন মাস ধরে ভাড়াটিয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেননি। প্রতি মাসে ২ হাজার টাকা হিসেবে তিন মাসে ৬ হাজার টাকা বকেয়া হয়।

হামলার ঘটনা

তার ভাষ্য, বৃহস্পতিবার সকালে তিনি শেষবারের মতো বকেয়া বিদ্যুৎ বিল চাইতে গেলে খোকন বিল দিতে অস্বীকৃতি জানান। এ সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে খোকন মোবাইল ফোনে চারজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। তারা এসে প্রথমে তাকে মারধর করে। পরে তাদের একজন ধারালো অস্ত্র দিয়ে তার পিঠ ও ঘাড়ে ছুরিকাঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জালাল উদ্দিন আরও অভিযোগ করেন, এরপর হামলাকারীরা আরও ১৫ থেকে ২০ জনকে ডেকে আনে। তারা পুরো ভবনে ভাঙচুর চালায় এবং তার তৃতীয় তলার ফ্ল্যাটে ঢুকে আলমারির তালা ভেঙে নগদ ৬ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ওই টাকা ছেলেকে বিদেশ পাঠানোর জন্য একটি ফ্ল্যাট বন্ধক রেখে সংগ্রহ করা হয়েছিল বলে জানান তিনি। হামলাকারীরা যাওয়ার সময় মামলা করলে তাকে, তার ছেলেদের হত্যা এবং বাড়ি দখল করে নেওয়ার হুমকিও দেয় বলে অভিযোগ করেন জালাল উদ্দিন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুক্তভোগী পরিবারের বক্তব্য

তিনি আরও বলেন, হামলার সময় তার স্ত্রী মনোয়ারা বেগম তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও হেনস্তা করা হয়। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন বলেও জানান তিনি। ভুক্তভোগীর স্ত্রী মনোয়ারা বেগম বলেন, প্রায় ২৫ বছর আগে জমি কিনে ১৭ বছর আগে তারা চারতলা বাড়িটি নির্মাণ করেন। তিন মাস আগে খোকন নামে ওই ভাড়াটিয়াকে পরিবারসহ নিচতলার ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হয়। তিনি ভাড়া দিলেও বিদ্যুৎ বিল পরিশোধ করতেন না। বকেয়া ৬ হাজার টাকা চাইতে যাওয়াকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, স্বামীকে বাঁচাতে গেলে তাকেও মারধর ও হেনস্তা করা হয়। একই সঙ্গে তার ছেলে-মেয়েদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে হামলাকারীরা বাসায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়ে আলমারির তালা ভেঙে নগদ ৬ লাখ টাকা ও তার ব্যবহৃত দুই ভরি ওজনের দুটি স্বর্ণের চুড়ি নিয়ে যায়। ঘটনার পর থেকে তারা বাড়িতে থাকতে পারছেন না এবং এখনও বিভিন্ন নম্বর থেকে মামলা না করার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

পুলিশের অবস্থান

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানাকে অবহিত করা হয়েছে।