বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন এক যুবক। বুধবার (২৫ জুন) রাত ৩টার পর নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকার সোনামদ্দিন সড়কে এ ঘটনা ঘটে।
মৃতের পরিচয় ও ঘটনার বিবরণ
মৃত যুবকের নাম এবায়দুল ইসলাম রাইয়ান (২২)। তিনি ওই এলাকার মৃত মাহবুব রহমান সিকদারের ছেলে এবং বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মৃতের চাচা বাবুল খাঁ জানান, রাইয়ানের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত চার-পাঁচ দিন ধরে ওই মেয়ে রাইয়ানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। রাইয়ানের মা অসুস্থ ছিলেন। বুধবার রাতে তিনি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন।
আত্মহত্যার সময় ঘটনা
বৃহস্পতিবার গভীর রাতে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলে রাইয়ান। এরপর তাকে ভিডিও কলে রেখেই রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ফ্যানের সঙ্গে লুঙ্গি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
চাচা আরও জানান, রাইয়ান যখন গলায় ফাঁস নেয়, তখন তার প্রেমিকা বিষয়টি অন্য বন্ধুদের জানায়। রাতে বন্ধুরা রাইয়ানের বাসায় ছুটে গিয়ে দরজা ধাক্কাধাক্কি করলেও মা গভীর ঘুমে থাকায় তাৎক্ষণিক দরজা খোলেননি।
উদ্ধার ও হাসপাতালে নেওয়া
রাত পৌনে ৪টার দিকে মা সজাগ হয়ে দরজা খুলেন এবং রাইয়ানকে উদ্ধার করে মোটরসাইকেলযোগে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বন্ধুরা। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



