২৭ বছর আগে অর্থ আত্মসাতের দুর্নীতির মামলায় বাংলাদেশ টেলিফোন ও টেলিগ্রাফ বোর্ড (বিটিটিবি) চট্টগ্রাম কার্যালয়ের সাবেক তিন কর্মকর্তাকে বিভিন্ন ধারায় ৪৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক উচ্চমান সহকারী কাম-ক্যাশিয়ার মোহাম্মদ হোসেন, সাবেক বিভাগীয় প্রকৌশলী মো. কামরুল আলম ও সাবেক বিভাগীয় প্রকৌশলী সাদিকুর রহমান খান।
রায়ের বিবরণ
আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় দেন। দুদকের আইনজীবী রেজাউল করিম বলেন, তিন আসামির প্রত্যেককে আদালত পৃথক ধারায় ৪৪ বছর করে কারাদণ্ড ও ৯৫ লাখ টাকা জরিমানা করেছেন। তবে সব সাজা একসঙ্গে চলবে। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার বিবরণ
আদালত সূত্র জানায়, ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে বিটিটিবির বিভাগীয় প্রকৌশলী (ইমারত নির্মাণ) কার্যালয়ে কর্মরত অবস্থায় মোহাম্মদ হোসেন ২৪টি চেকের অঙ্ক পরিবর্তন ও জালিয়াতির মাধ্যমে অনুমোদিত অর্থের অতিরিক্ত ১ কোটি ৬৬ লাখ টাকা উত্তোলন করেন। ওই অর্থ ক্যাশবুকে প্রদর্শন কিংবা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। এ কাজে তৎকালীন বিভাগীয় প্রকৌশলী কামরুল আলম ও সাদিকুর রহমান খান সহযোগিতা করেন বলে তদন্তে উঠে আসে।
মামলার অগ্রগতি
এ ঘটনায় ১৯৯৯ সালের ৩১ অক্টোবর নগরের ডবলমুরিং থানায় মামলা হয়। পরে দুদকের তদন্ত শেষে ২০১৩ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পরের বছরের ৮ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।



