ডেঙ্গুতে জুন মাসে পঞ্চম মৃত্যু, চলতি বছর মৃত ১০ জন
ডেঙ্গুতে জুন মাসে পঞ্চম মৃত্যু, চলতি বছর মৃত ১০

দেশে ডেঙ্গুতে চলতি জুন মাসে পঞ্চম মৃত্যুর ঘটনা ঘটল। আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায়ও দেশে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু হয়েছিল। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১০। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

হাসপাতালে ভর্তি ও ছাড়পত্র

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ২২০। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ হাজার ৩৯। তাঁদের মধ্যে পুরুষ ৫৬ দশমিক ৮ শতাংশ ও নারী ৪৩ দশমিক ২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১২৪ জনসহ চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪ হাজার ৬৯২ ডেঙ্গু রোগী।

মৃত্যুর বিস্তারিত

বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি মাসে ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের চারজনই নারী। তাঁদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। মারা যাওয়া অপরজন কিশোর, ১ জুন তার মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। চলতি বছর মারা যাওয়া ১০ ডেঙ্গু রোগীর মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিভাগভিত্তিক সংক্রমণ

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৪৬ জন রয়েছেন বরিশালে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২১, উত্তর সিটি ও খুলনায় ১৬ জন করে, চট্টগ্রামে ১৪, ঢাকা মহানগরের বাইরে ১২, রাজশাহীতে ৯, সিলেটে ৩ এবং ময়মনসিংহ ও রংপুরে ১ জন করে রয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডেঙ্গুর মৌসুমি পরিবর্তন

সাধারণত বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায় বর্ষা মৌসুমে, বিশেষ করে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত। বৃষ্টির পানিতে জমে থাকা ছোট ছোট জলাধার এডিস মশার প্রজননের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। তবে সাম্প্রতিক বছরগুলোয় জলবায়ু পরিবর্তন, অস্বাভাবিক আবহাওয়া, দীর্ঘ উষ্ণ সময়কাল ও দ্রুত নগরায়ণের কারণে ডেঙ্গুর মৌসুমি ধারা বদলে যাচ্ছে। এখন সংক্রমণ আগেভাগে শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে চলতে থাকে।