কক্সবাজার আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীপন্থীদের সাত পদে জয়, বিএনপি-জামায়াতেরও সাফল্য
কক্সবাজার আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীপন্থীদের সাত পদে জয়

কক্সবাজার আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীপন্থীদের সাত পদে জয়

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৭টি পদের মধ্যে সাতটিতেই আওয়ামীপন্থী আইনজীবীদের জয় হয়েছে। এর বাইরে চারটি পদে বিএনপিপন্থী ও ছয়টিতে জামায়াতপন্থী আইনজীবীরা জয়ী হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ফল ঘোষণা করা হয়।

ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা

গতকাল সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত দুটি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। কেন্দ্র দুটি হলো—কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ও চকরিয়া উপজেলা চৌকি আদালত ভবন। ভোট গ্রহণের পর গণনা শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আহমদ কবির।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে মোট ভোটার রয়েছেন ৯৪৮ জন। এর মধ্যে ৮৯২ জন ভোট দিয়েছেন। এ নির্বাচনে বিএনপিপন্থী জাতীয়বাদী আইনজীবী ফোরাম, আওয়ামীপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ ও জামায়াতপন্থী আইনজীবী ঐক্য পরিষদ আলাদাভাবে প্যানেল দেয়। ১৭ পদের বিপরীতে সব মিলিয়ে প্রার্থী ছিলেন ৫০ জন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জয়ী প্রার্থীদের তালিকা

নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন মো. আবদুল মান্নান। তিনি বিএনপিপন্থী প্যানেলের প্রার্থী ছিলেন। এ পদে জামায়াতপন্থী প্রার্থী দ্বিতীয় ও আওয়ামীপন্থী প্রার্থী তৃতীয় হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জামায়াতপন্থী প্যানেলের মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী নির্বাচিত হয়েছেন। এ পদে আওয়ামীপন্থী প্রার্থী দ্বিতীয় ও বিএনপিপন্থী প্রার্থী তৃতীয় হয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএনপিপন্থী প্যানেল থেকে জয়ী বাকি তিনজন হলেন, সহসভাপতি পদে মোহাম্মদ আবদুল্লাহ, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে শওকত ওসমান এবং নির্বাহী সদস্য পদে আজিজুল করিম। আর জামায়াতপন্থী প্যানেল থেকে নির্বাচিত বাকি পাঁচ জয়ী প্রার্থী হলেন জ্যেষ্ঠ সহসভাপতি পদে আবদুল বারী, সহসাধারণ সম্পাদক (সাধারণ) পদে জিয়াউদ্দিন মাহমুদ, জ্যেষ্ঠ নির্বাহী সদস্য পদে মোহাম্মদ নেজামুল হক এবং এ কে এম শাহজালাল চৌধুরী ও নির্বাহী সদস্য পদে এস এম জসিম।

আওয়ামীপন্থী প্যানেল থেকে জয়ী সাতজন হলেন সহসাধারণ সম্পাদক (হিসাব) পদে মো. মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক সম্পাদক পদে মোহাম্মদ রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম, জ্যেষ্ঠ নির্বাহী সদস্য পদে ইকবালুর রশিদ আমিন ও জিয়াউদ্দিন আহমদ এবং নির্বাহী সদস্য পদে পারভীন সুলতানা ও সেকাব উদ্দিন।

শান্তিপূর্ণ নির্বাচনের প্রশংসা

ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ আইনজীবী মো. আহমদ কবির বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ কারণে সবাই খুশি।’

কক্সবাজার জেলা আইনজীবী সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯০১ সালে। সর্বশেষ ২০২৫ সালের এ সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিএনপি, জ্যেষ্ঠ সহসভাপতিসহ ৬টি পদে জামায়াত ও স্বতন্ত্র প্যানেলে নির্বাচন করে আওয়ামী লীগ–সমর্থিত দুজন প্রার্থী জয় পেয়েছিলেন।