রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট এলাকায় পুলিশের এক কনস্টেবলকে মারধরের ঘটনায় মোটরসাইকেলচালক মো. রানা গাজীকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশ কনস্টেবলের নাম বকুল চৌধুরী, তিনি রাজবাড়ী পুলিশ লাইনসের সরকারি অ্যাম্বুলেন্সের চালক হিসেবে কর্মরত।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে পুলিশ লাইনসের সরকারি অ্যাম্বুলেন্স জেলার বালিয়াকান্দি থেকে একটি লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে আসছিল। অ্যাম্বুলেন্সে চালক কনস্টেবল বকুল চৌধুরী ছাড়াও কনস্টেবল শামীম মোল্লা ও শফিকুল ইসলাম ছিলেন। রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড় মসজিদের সামনে পৌঁছালে পাশের একটি মোটরসাইকেলের লুকিং গ্লাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সামান্য ঘষা লাগে। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। অ্যাম্বুলেন্সটি শহরের বিনোদপুর মর্গের দিকে এগোতে থাকলে পথে ১ নম্বর রেলগেট এলাকায় পৌঁছামাত্র মোটরসাইকেলচালক রানা গাজী অ্যাম্বুলেন্সটি পথরোধ করেন। তিনি অ্যাম্বুলেন্সচালককে গালমন্দ করলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে রানা বকুল চৌধুরীকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে এলোপাতাড়ি কিল–ঘুষি ও লাথি মারেন।
বকুল চৌধুরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা মোটরসাইকেলচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে কনস্টেবল বকুল চৌধুরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। তাঁকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আদালতে জামিনের বিরোধিতা
মামলার পর আসামি রানা গাজীকে বেলা পৌনে তিনটার দিকে রাজবাড়ীর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে পুলিশের সিএসআই মো. ইস্রাফিল আহমেদ জামিনের বিরোধিতা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিপক্ষের লোকজন আদালত থেকে বের হওয়ার পর সিএসআইয়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
সিএসআই মো. ইস্রাফিল আহম্মেদ বলেন, 'জামিনের বিরোধিতা করায় আসামির আইনজীবীসহ তাঁর লোকজন আমার ওপর ক্ষিপ্ত হন। আদালত থেকে বের হওয়ার পর তারা অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'
পুলিশের বক্তব্য
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম বলেন, 'লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের লুকিং গ্লাসের ঘষা লাগার অভিযোগে মোটরসাইকেলচালক পুলিশ কনস্টেবল অ্যাম্বুলেন্সচালককে গাড়ি থেকে নামিয়ে মারধরের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামির জামিনের বিরোধিতা নিয়ে সিএসআইয়ের সঙ্গে তর্কবিতর্কের বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।'
রানা গাজী রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড চর লক্ষ্মীপুর মহল্লার আশরাফ গাজীর ছেলে।



