বগুড়ায় নবজাতক হত্যা: মা ও সৎবাবা আটক
বগুড়ায় নবজাতক হত্যায় মা ও সৎবাবা আটক

বগুড়ায় নবজাতককে গলা কেটে হত্যার পর পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় মা ও সৎবাবাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার শেখেরকোলা তেলিহারা উত্তরপাড়া গ্রামের একটি পুকুর থেকে নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। আটক দুজন হলেন দুলাল হোসেন (২৫) ও তাঁর স্ত্রী নিপা আক্তার (২৩)।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিপা আক্তারের আগে গাবতলী উপজেলার শুকুর আলীর সঙ্গে বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে কয়েক মাস আগে তাঁদের বিচ্ছেদ ঘটে। চলতি বছরের রমজান মাসে দুলাল হোসেনের সঙ্গে নিপার দ্বিতীয় বিয়ে হয়। গতকাল শুক্রবার রাতে নিপা একটি সন্তান প্রসব করেন।

নিপা দ্বিতীয় বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। গতকাল সন্তান প্রসবের পর স্বামী-স্ত্রী মিলে নবজাতককে গলা কেটে হত্যা করে লাশ বাড়ির পাশের পুকুরে ফেলে দেন। আজ দুপুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিপা ও দুলালকে আটক করে থানায় নিয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলী বলেন, নবজাতকের বাবা নিপার আগের স্বামী বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় স্বামী ও মা মিলে নবজাতককে হত্যার অভিযোগে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ