কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীতে চোরাবালির গর্তে তলিয়ে নুর ইলাহি নাদিম (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে চকরিয়া পৌরসভার উত্তর কাহারিয়াঘোনার ৫ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ায় মসজিদ এলাকা সংলগ্ন মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে। নিহত নুর ইলাহি নাদিম ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক অলি উল্লাহ রনির ছেলে। নাদিম চকরিয়ার একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ঘটনার বিবরণ
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে নদীতে পানি কম থাকায় নাদিম তার বন্ধুদের সঙ্গে পায়ে হেঁটে নদী পার হয়ে ওপারে খেলতে যাচ্ছিলেন। পথে নদীর মাঝখানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে সৃষ্ট একটি গভীর গর্তে সে তলিয়ে যায়। এসময় সঙ্গে থাকা বন্ধুদের চিৎকার শুনে আশপাশের এলাকাবাসী এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নাদিমকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য
মাতামুহুরী নদীতে ডুবে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ প্রাথমিক সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



