চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের মনোনয়ন সংগ্রহে বাধা
চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে মনোনয়ন সংগ্রহে বাধা

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের বাধা দেওয়া হয়েছে। সোমবার (০৪ মে) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী সমিতি ভবনের বার লাইব্রেরির প্রবেশমুখে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অভিযোগ

আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অভিযোগ, বিএনপি-সমর্থিত আইনজীবীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দিচ্ছেন। তবে বিএনপি সমর্থিত আইনজীবীদের দাবি, সারা দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দল সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

নির্বাচনের সময়সূচি

আগামী ২১ মে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় বার লাইব্রেরি থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩টার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি প্রার্থী আবদুর রশিদের নেতৃত্বে একদল আইনজীবী ফরম নিতে গেলে বার লাইব্রেরির মুখে তাদের বিএনপি সমর্থিত আইনজীবীরা বাধা দেন। হট্টগোলের একপর্যায়ে নির্বাচন কমিশনের সদস্যরা বার লাইব্রেরির দরজা বন্ধ করে দেন। এর সেখানেই অবস্থান নেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা।

প্রতিবাদ ও স্লোগান

এর প্রতিবাদে আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলার বার লাইব্রেরির সামনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীরা স্লোগান দিয়েছেন। তারা মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার জন্য বিএনপিপন্থি আইনজীবীদের দায়ী করেন।

প্রার্থীর বক্তব্য

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি প্রার্থী আবদুর রশিদ বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে আমাদের বার লাইব্রেরিতে ঢুকতে দেওয়া হয়নি। এতে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারিনি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএনপি সমর্থিত আইনজীবীদের বক্তব্য

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্যসচিব কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এই পরিস্থিতিতে দল সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ নেই। তাই তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগও নেই।’

পুলিশের অবস্থান

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

নির্বাচন কমিশনের বক্তব্য

প্রধান নির্বাচন কমিশনার রওশন আরা বলেন, ‘নির্বাচনে যেকোনো প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। বাধা দেওয়ার বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।’