চাঁদপুরে এজলাস কক্ষে বিচার চলাকালে আইনজীবী শফিকুল ইসলামকে মারধরের অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গত ১৫ এপ্রিল চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন।
ঘটনার বিবরণ
আদালত সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদের এজলাসে বেলা দুপুর ২টার দিকে একটি মামলার জামিন শুনানি চলছিল। এ সময় চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবর ব্যাপারী আরেক আইনজীবী শফিকুল ইসলামকে ঘুষি মারেন। পরে মারতে মারতে তাকে এজলাসের বাইরে নিয়ে যান। এ ঘটনায় আদালতের কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যায়। বিষয়টি সংশ্লিষ্ট বিচারকের নজরে এলে ঘটনাটি আমলে নিয়ে অভিযোগ আকারে গ্রহণ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠান।
তদন্তের নির্দেশ
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। আদেশে তিনি ঘটনার বিস্তারিত বিশ্লেষণ, সম্ভাব্য জখমের পর্যালোচনা এবং দায়ীদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহকে নির্দেশ দেন।



