রাজধানীর কলাবাগান থানার এক উপ-পরিদর্শক (এসআই) নিখোঁজ হয়েছেন। নিখোঁজ এসআইয়ের নাম রাকিবুল হাসান সরকার (৩২)। এ ঘটনায় জিডি করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
কীভাবে নিখোঁজ হন এসআই?
থানার ওসি মো. ফজলে আশিক জানান, ৩২ বছর বয়সী এসআই রাকিবুল হাসান সরকার মঙ্গলবার রাত্রিকালীন ডিউটির কথা বলে বেরিয়ে যান। মঙ্গলবার তার রাত্রিকালীন ডিউটি ছিল। বিকাল সাড়ে ৫টার দিকে একবার সাদা পোশাকে ব্যারাক থেকে বের হন। চা খেয়ে আবার ব্যারাকে ঢোকেন। নাইট ডিউটি আছে বলে রাত পৌনে ৮টার দিকে আবার সাদা পোশাকে ব্যারাক থেকে বের হন।
ওসি বলেন, তারপর থেকে তার খোঁজ নেই। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এ ঘটনায় জিডি করা হয়েছে এবং সারা দেশের সব থানায় আমরা বার্তা দিয়েছি।
পরিবারের বক্তব্য
পরিবারের সদস্যরাও এসআই রাকিবের কোনো খোঁজ জানে না বলে তথ্য দেন ওসি ফজলে আশিক। তিনি বলেন, পরিবারের লোকজন বলছে, স্বাভাবিক ছেলে। কোথায় গেল তারাও বুঝতে পারছে না। কারো সঙ্গে কোনো পারিবারিক বিরোধের তথ্যও পাওয়া যায়নি।
রাকিবুল হাসান গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামের মাইজ উদ্দিন সরকারের ছেলে। তিনি থানা পুলিশের জন্য নির্ধারিত ব্যারাকে থাকতেন।
পুলিশের তৎপরতা
পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার নাসিম এ-গুলশান বলেন, আমরা তার লোকেশনের বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাইনি। কারণ ব্যারাক থেকে বের হওয়ার সময় থেকেই তার মোবাইল ফোন বন্ধ দেখাচ্ছে। আমরা এটা জানার চেষ্টা করছি।
ব্যারাক থেকে বের হওয়ার সময় রাকিবের সঙ্গে কোনো অস্ত্র ছিল না বলেও নিশ্চিত করেন তিনি। পুলিশ বিভিন্ন থানায় বার্তা পাঠিয়ে তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।



