ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়নে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সাত বছরের একটি শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
মামলা দায়ের
ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে একই গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের পুত্র হারুন মিয়া (৪৫) নামে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল বিকেলে ওই শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে যায় হারুন মিয়া।
ঘটনার বিবরণ
ঘরে নিয়ে যাওয়ার পর হারুন মিয়া শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার শুরু করলে হারুন তার মুখ চেপে ধরে। শিশুটির মা তার চিৎকার শুনে দৌড়ে ঘরে গিয়ে দেখেন শিশুটির শরীরে কোনো কাপড় নেই। এ সময় হারুন মিয়া পালিয়ে যাওয়ার সময় শিশুটির মাকে ঘটনাটি কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পর থেকে হারুন মিয়া পলাতক রয়েছে।
স্থানীয়দের বক্তব্য
স্থানীয় যুবক তোফাজ্জল মিয়া, শাহীন মিয়া ও মামুন মিয়া জানান, এ বিষয়ে প্রতিবাদ করলে হারুনের দুই ছেলে রাফসান ও মিজান তাদের পথরোধ করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়। বর্তমানে প্রভাবশালী মহলের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই অসহায় দিনমজুর ও তার পরিবার।
ইউপি সদস্যের বক্তব্য নেয়া সম্ভব হয়নি
এ বিষয়ে অভিযুক্ত হারুনের বড় ভাই স্থানীয় ইউপি সদস্য আশরাফুলের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পুলিশের অবস্থান
নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আসামি হারুন মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।



