গাইবান্ধা সদর উপজেলায় মোনালিসা আক্তার নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রেমের সম্পর্কে একই বিদ্যালয়ের এক ছাত্রের সঙ্গে পালিয়ে যাওয়ার পর ফিরে এসে তিনি বোনের বাড়িতে ওঠেন। সেখানেই অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।
ঘটনার বিবরণ
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোরমনই এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। শুক্রবার দুপুরে মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানী।
মৃত মোনালিসা (১৫) গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোরমনই এলাকার হান্নান মিয়ার মেয়ে। তিনি স্থানীয় এনএইচ মডার্ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পালিয়ে যাওয়া ও ফিরে আসা
পুলিশ জানায়, মঙ্গলবার একই এলাকায় গোলাপ মিয়ার ছেলে শ্রাবণের সঙ্গে প্রেমের সম্পর্কে বিয়ে করতে বাড়ি থেকে পালিয়ে যায় মোনালিসা। পরে মেয়ের পরিবারের পক্ষ থেকে নিখোঁজের ব্যাপারে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। স্থানীয় মেম্বারের মাধ্যমে সালিশ করে মেয়েকে ফিরিয়ে আনা হয় এবং তাকে তার পার্শ্ববর্তী বড় বোন লিমার বাড়িতে রাখা হয়।
অসুস্থতা ও মৃত্যু
বোনের বাড়িতে বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মোনালিসা। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে না নিয়ে বোনের বাড়িতে রেখে স্থানীয় ডাক্তার এরশাদ মিয়াকে বাড়িতে ডেকে চিকিৎসা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রেমিকের পরিচয়
খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি জানান, মোনালিসা ও প্রেমিক শ্রাবণ একই বিদ্যালয়ে পড়াশোনা করার সুবাদে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শ্রাবণ ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশের পদক্ষেপ
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু বলেন, শুক্রবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।



