চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন নরসিংদীতে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জামিন আবেদন করেছেন। বুধবার (২২ এপ্রিল) প্রসিকিউশন এই তথ্য নিশ্চিত করে।
জানা গেছে, জামিন আবেদনের ওপর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে শুনানি অনুষ্ঠিত হতে পারে। এদিন সকালে সাইফুল ইসলামসহ তিনজনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যান্য আসামিরা হলেন রবিউল ইসলাম ও রাঙামাটির তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী।
অভিযোগের বিবরণ
প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। গুলির নির্দেশ দেওয়ার সঙ্গে জড়িত আরও কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ১৪ এপ্রিল নরসিংদীতে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার দেখানো হয় ট্রাইব্যুনাল-১-এ।
মামলার বর্তমান অবস্থা
বর্তমানে মামলাটি তদন্তাধীন। প্রসিকিউশন জানিয়েছে, প্রতিবেদন দাখিলের জন্য আজ আরও সময় চাওয়া হবে। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই নরসিংদীতে পুলিশের গুলিতে নিহত হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র-জনতা। পরে তার লাশ নিয়ে মিছিল করতে গেলে আবারও গুলি চালানো হয়, যাতে আরও একজন নিহত হন।
এছাড়া গণঅভ্যুত্থান চলাকালীন নরসিংদীতে প্রায় ২০ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়।



