নারী কারারক্ষীকে অনৈতিক প্রস্তাব: কিশোরগঞ্জ জেল সুপার বদলি
নারী কারারক্ষীকে অনৈতিক প্রস্তাব: জেল সুপার বদলি

কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. দিদারুল আলমকে বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। নারী কারারক্ষীকে অনৈতিক প্রস্তাব ও কুরুচিপূর্ণ কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বুধবার কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

বদলির আদেশ ও নতুন দায়িত্ব

প্রজ্ঞাপনে মো. দিদারুল আলমকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের কারা প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম কারাগারের হসপিটালাইজড প্রিজনার্স সিকিউরিটি ইউনিটের কারা তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল করিমকে কিশোরগঞ্জ জেলা কারাগার-১-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আজ বুধবারই যোগদান করেছেন বলে জানা গেছে।

ঘটনার প্রেক্ষাপট

এর আগে কিশোরগঞ্জ জেলা কারাগারের এক নারী কারারক্ষীর সঙ্গে জেল সুপার দিদারুল আলমের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে নারী সহকর্মীকে জেল সুপারের বিভিন্ন কুরুচিপূর্ণ ও আপত্তিকর প্রস্তাব দিতে শোনা যায়। অডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিষয়টি নিয়ে কথা বলতে জেল সুপার মো. দিদারুল আলমের ব্যক্তিগত মুঠোফোনে চেষ্টা করলে সেটা বন্ধ পাওয়া যায়। সে জন্য তাঁর মন্তব্য জানা যায়নি।

কিশোরগঞ্জ জেলা কারাগার-১-এর অতিরিক্ত দায়িত্ব পাওয়া মো. আনোয়ারুল করিম বলেন, কী কারণে দিদারুল আলমকে বদলি করা হয়েছে, সেটি তিনি বলতে পারবেন না। তাঁকে জরুরি ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই তিনি আজ বুধবারই যোগদান করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ