কলাবাগানে তুচ্ছ ঘটনায় বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কলাবাগানে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

রাজধানীর কলাবাগান এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির জেরে বড় ভাইকে হত্যা করার অভিযোগে ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সাদমান ওয়াসিফ সুপান্থ (১৭) গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। অভিযুক্ত ছোট ভাই রাফিত আরিয়ান শুদ্ধ (১৬) একই শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার বিবরণ

রবিবার (৩১ মে) দিবাগত রাতে কাঁঠালবাগান বাজার এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুই ভাই বগুড়ার আদমদীঘি উপজেলার কানাডাপ্রবাসী সিরাজুল সালেহীনের ছেলে। তারা রাজধানীর কলাবাগান এলাকায় একসঙ্গে বসবাস করতো। তাদের বাবা কানাডায় থাকেন। পারিবারিক কারণে মা অন্যত্র বসবাস করতেন।

পুলিশের বক্তব্য

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) সামছুল হক সুমন জানান, বাসায় তুচ্ছ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাফিত আরিয়ান শুদ্ধ রাগান্বিত হয়ে কক্ষে থাকা একটি ভারী ডাম্বেল দিয়ে বড় ভাই সুপান্থের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই সামছুল হক সুমন আরও বলেন, সংবাদ পেয়ে পুলিশ রাত ১টার দিকে স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পর অভিযুক্ত ছোট ভাইকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ