ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড এলাকায় তরুণীদের উত্ত্যক্ত করার অভিযোগে তিন যুবকের মাথার চুল কেটে দিয়েছে স্থানীয় লোকজন। শনিবার বিকালে এ ঘটনা ঘটে। রবিবার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। তবে ওই যুবকদের পরিচয় নিশ্চিত করে কেউ জানাতে পারেননি।
ঘটনার বিবরণ
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চার যুবককে আটক করার পর স্থানীয় লোকজন তাদের বিভিন্ন কথা জিজ্ঞাসাবাদ করছেন। পরে তাদের চুল কেটে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, ঈদে ঘুরতে বের হওয়া তরুণীদের দেখে মোটরসাইকেল নিয়ে তারা উত্ত্যক্ত করে এবং মোবাইলে তরুণীদের ছবি ধারণ করেছিল। পরে স্থানীয় লোকজন তাদের মোটরসাইকেলসহ আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় যুবকরা তাদের ভুল স্বীকার করে। একপর্যায়ে উত্তমমাধ্যম দিয়ে তিন জনের মাথার চুল বিকৃত করে কেটে দেওয়া হয়। অপর যুবকের চুল না কেটে তাকে সতর্ক করা হয়েছে।
যুবকদের পরিচয়
ওই যুবকদের বাড়ি সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নে বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
প্রশাসনের অবস্থান
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, তিনি বিষয়টি ফেসবুকে দেখেছেন। এ ব্যাপারে সরাইল থানার ওসিসহ সংশ্লিষ্টদের খোঁজখবর নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি ফেসবুকে দেখেছি। এ ব্যাপারে আমাকে কেউ কিছু জানায়নি।



