সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, 'মন্ত্রিত্ব কোনো লোভনীয় বিষয় নয়, এটি একটি খুবই কঠিন দায়িত্ব।' বুধবার (২৭ মে) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে দুস্থ ও অসহায় প্রতিবন্ধী ১০ শিক্ষার্থীর মাঝে অনুদানের চেক ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০০ জনের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গণতন্ত্র ও স্বৈরাচারের পার্থক্য
মন্ত্রী বলেন, 'স্বৈরাচারের আমল ও অন্তর্বর্তীকালীন সময়ের কর্মকাণ্ডের সঙ্গে বর্তমান সরকারের ১০২ দিনের মন্ত্রিত্ব নিয়ে যারা কটাক্ষ করেন, তাদের বলব স্বৈরাচার আর গণতন্ত্র এক নয়। বর্তমান সরকার ও তার মন্ত্রী-প্রশাসন জনগণের কাছে দায়বদ্ধ, কারণ আমরা জনগণ কর্তৃক নির্বাচিত ও দায়িত্বপ্রাপ্ত।'
মন্ত্রিত্বের বাস্তবতা
তিনি আরও বলেন, 'যারা বলেন মন্ত্রিত্ব লোভনীয়, তাদের বলি এটি ১২ ফেব্রুয়ারির আগের ঘটনা হতে পারে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর মন্ত্রিত্ব লোভনীয় নয়, বরং কঠিন দায়িত্ব। যারা এসব কথা বলেন, তাদের কাছে প্রশ্ন—২৪ আগস্টের পরে বা ৩৬ জুলাইয়ের পরে অনেকের চেহারায় পরিবর্তন এসেছে, দামি কাপড়-চোপড় পরেন। আমাদের জানার আগ্রহ আছে—তাদের ইনকাম ট্যাক্সের ফাইল কতদিন আগে খোলা হয়েছে এবং তার অবস্থা কী। তারা তা জনসমক্ষে উপস্থাপন করবেন।'
অনুষ্ঠানে উপস্থিতি
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারিছ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অনেকে।



